নির্বাচনী তফসিল বাতিল, সকল রাজবন্দীদের মুক্তি বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আগামিকাল ৮ ডিসেম্বর শুক্রবার, বাদ জুমআ বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
সভাপতিত্ব করবেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। এছাড়া কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
আগামীকালের বিক্ষোভ সমাবেশ সফলের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অবৈধ সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের নামে তামাশা বন্ধ করতে হবে। ৭ জানুয়ারি বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেবে না দেশের সচেতন ঈমানদার দেশপ্রেমিক জনতা। বাকপ্রতিবন্ধি ও মেরুদন্ডহীন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইসির বক্তব্য দলদাস প্রমাণিত। কোনো প্রকার টালবাহানা দেশবাসী দেখতে চায় না। দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। বিস্ফোরণের দায় সরকারকেই নিতে হবে। অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।











