ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দ্বারা এই মুহূর্তে পুনরায় গাজ্জা উপত্যকা দখলের কোন ‘অর্থ নেই’ বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সেই সঙ্গে এমন পদক্ষেপ সঠিক নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
সুলিভানের মতে, গাজ্জা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে ভিন্নমত পোষণ করছে ওয়াশিংটন ও তেল আবিব।
ফাইনান্সিয়াল টাইমস অনুযায়ী, তেল আবিবে একটি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সুলিভান।
তিনি বলেন, গাজ্জা উপত্যকা দখল করা নিয়ে কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই ইসরাইলের। তবে অবরুদ্ধ ছিট মহলে একটি নতুন ফিলিস্তিনি প্রশাসন গড়ে তোলার প্রক্রিয়া নিয়ে মিত্রদের সাথে ব্যাপক আলোচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, গাজ্জা উপত্যকায় বাস্তবসম্মত একটি ভবিষ্যৎ পরিকল্পনা করতে চায় যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) শাসন দেওয়ার কথা ভাবছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রসাশন।
সুল্লিভান আরো বলেন, “মৌলিক স্তর থেকে আমরা বিশ্বাস করি যে, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুনর্গঠন ও পুনরুজ্জীবিত করা দরকার। এর গঠনতন্ত্রে নতুনত্ব আনা দরকার। কারণ শুধুমাত্র তারাই ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে।”
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন যুক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে তেল আবিব। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজা উপত্যকা পরিচালনার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
অন্যদিকে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে যেন আর কোনো সফল অভিযান পরিচালনা না হতে পারে সেজন্য গাজ্জা উপত্যকার উপর ইসরাইল ‘নিরাপত্তা’ বজায় রাখবে বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ।
সূত্র: মিডল ইস্ট মনিটর










