spot_img
spot_img

জেলা প্রশাসকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এখন আমাদের এক নম্বর বিবেচ্য বিষয়। এখানে আমরা ব্যর্থ হতে পারি না, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন নির্ভর করছে।”

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। নারী, শিশু ও সংখ্যালঘুসহ সব নাগরিকের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। কে কোন রাজনৈতিক চেতনায় বিশ্বাসী, তা বিবেচ্য নয়, কারণ সরকার দেশের সকল মানুষের সরকার।”

সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আন্তর্জাতিক পর্যায়ে নজর কাড়ে। একটি ছোট ঘটনা বিশ্বমঞ্চে ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে পারে। সংখ্যালঘুরা নাগরিক হিসেবে তাদের অধিকার দাবি করবেন, সংখ্যালঘু পরিচয়ে নয়। সংবিধান তাদের যে অধিকার দিয়েছে, সেটাই তাদের প্রাপ্য, এটি কোনো অনুকম্পা নয়।”

বাজারদর নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “বাজারদর স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জেলা প্রশাসকদের মধ্যে প্রতিযোগিতা হতে পারে, কার জেলায় বাজারদর কতটা ভালোভাবে নিয়ন্ত্রিত আছে।”

পাসপোর্ট সংক্রান্ত নতুন সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, “পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এখন আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের মতো এটি মানুষের প্রাপ্য। পুলিশ ভেরিফিকেশনের নামে জনসাধারণকে আর হয়রানির শিকার হতে দেওয়া যাবে না।”

জন্ম সনদের গুরুত্ব নিয়ে তিনি বলেন, “যে কোনো বয়সে একজন নাগরিক জন্ম সনদ চাইতে পারেন, এবং সেটা পাওয়া তার অধিকার। জন্ম সনদ না থাকলে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র পাওয়া সম্ভব হয় না। প্রশাসনকে নিশ্চিত করতে হবে, কেউ যেন এ বিষয়ে হয়রানির শিকার না হয়।”

সরকার পরিচালনার বিষয়ে তিনি বলেন, “সরকার একটি টিম, যেমন ফুটবল বা ক্রিকেট দল। প্রথম ছয় মাস ছিল আমাদের প্রস্তুতির সময়। এখন আমাদের কাজ হবে পরিকল্পনা ঠিক করে মাঠে নামা, যেন পুরো টিমের সাফল্য নিশ্চিত হয়।”

তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, “ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে নিজের মতো করে মাঠ প্রশাসন পরিচালনা করুন। অহেতুক উচ্চপদস্থদের স্তুতি করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।”

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার সরফুদ্দীন আহমেদ, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম ও পঞ্চগড়ের জেলা প্রশাসক ছাবেদ আলী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ