বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার নির্মমতা ও পাশবিকতার বিচার একদিন হবেই এবং তাকে ইতিহাস ক্ষমা করবে না। হাসিনা মানবজাতির কলঙ্ক, মায়েদের কলঙ্ক। তার বিচার হবেই, ক্ষমা নেই।
রোববার (২০ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দল ও ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত একটি স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এক মা তার সন্তানের স্বপ্ন দেখেছিলেন—পরিবার দেখেছিল ভবিষ্যৎ। কিন্তু সেই সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। পড়ে গেলে একটি ভ্যানে তোলা হয়, মরে গেছে কি বেঁচে আছে তা না দেখেই আরও লাশসহ আগুনে পুড়িয়ে ফেলা হয়। এটা কোনো স্বাধীন রাষ্ট্রের কাজ হতে পারে না।
তিনি বলেন, ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি একটি স্বাধীন দেশের জন্য। অথচ সেই রাষ্ট্রের পুলিশ, প্রশাসন—যাদের বেতন আমরা দেই, তারা আজ আমাদের সন্তানদের হত্যা করছে, পুড়িয়ে মারছে। এটা নিষ্ঠুরতা, বর্বরতা, আর সেই অপরাধের দায় থেকে হাসিনা রেহাই পেতে পারেন না।
তিনি আরও বলেন, আজই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলব, যেন শহীদ ও আহতদের জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হয়। এরইমধ্যে আমরা বিএনপি পরিবার পক্ষ থেকে কিছু সহায়তা শুরু হয়েছে।











