বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সমাবেশ শেষ হওয়ায় নিজেদের ব্যানার-পোস্টার সরিয়ে নিচ্ছে জামায়াত

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শেষে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের নেতারা জানান, নতুন বাংলাদেশ গড়তে সারা দেশেই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা চলছে। সমাবেশ উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশে লাগানো- ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরিয়ে নেওয়া হচ্ছে।

আজ সোমবার (২১ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত আমীর অসুস্থ অবস্থাতেই জাতির উদ্দেশে মৌলিক ও গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা সমাবেশের আয়োজন করেছিলাম, তার সমাপনী ও সভাপতির বক্তব্যে জাতি পেয়েছে আশার বাণী।

তিনি বলেন, এই সমাবেশ বাস্তবায়নে কমিটি গঠন করা হয়েছিল। সমাবেশ শেষ হলেও এ কমিটির দায়িত্ব ছিল পুরো সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার-পরিচ্ছন্ন করা। সমাবেশ শেষ হওয়ার পর থেকেই আমরা চেষ্টা করেছি সোহরাওয়ার্দী উদ্যানকে পরিচ্ছন্ন করতে। ইয়াছিন আরাফাত ও শফিকুল ইসলাম মাসুদ পানি ও স্যানিটেশন বিভাগ, স্টেজ ডেকোরেশনের দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে এক দফা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক, ফুটপাত ও রমনা পার্ক পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

নুরুল ইসলাম বুলবুল বলেন, সারাদিনের পর রাতেও সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের আনাগোনা থাকে। সেখানে যদি অপরিচ্ছন্ন অবস্থায় উদ্যান থেকে যায় তাহলে সেটা খুবই খারাপ। আর পরিষ্কার-পরিচ্ছন্নতা তো ঈমানের অঙ্গ। সেজন্যই আমরা উদ্যোগী হয়েই এ কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, শুধু একটা সমাবেশ করেছি বলেই সোহরাওয়ার্দী উদ্যানকে পরিষ্কার করছি তা নয়, আমরা মনে করি পুরো ঢাকাকেই পরিষ্কার-পরিচ্ছন্ন করা উচিত। ঢাকাকে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই।

তিনি আরও বলেন, এক দফা পুরো সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা পরিষ্কার করা হয়েছে। আজ দিনভর দ্বিতীয় দফায় পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। শেষ না হওয়া পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে সোহরাওয়ার্দী উদ্যানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসাইন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গণপূর্ত অধিদপ্তর, মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন যেন তাদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বেগবান করে। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ