রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
আজ বুধবার (২০ জুলাই) দুপুর ১২টায় জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে এই প্রতিনিধি দল যাবেন। এদিন সকালে জামায়াতের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে।
চোখের চিকিৎসা করিয়ে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর মির্জা ফখরুল আবারও অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি গুলশানে বৈঠকে অংশ নেন রাত ১১টা পর্যন্ত। বৈঠক শেষে অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।











