spot_img

মহাকাশ থেকে তোলা ছবিতে জ্বলজ্বল করছে পবিত্র কাবা শরিফ

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী ডন পেটিটের মহাকাশ থেকে তোলা একটি চমকপ্রদ ছবি ইন্টারনেটে আলোড়ন তুলেছে। রাতের বেলা পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উঁচুতে মহাকাশের কক্ষপথ (অরবিট) থেকে তোলা ওই ছবিতে সৌদি আরবের পবিত্র মক্কা নগর ঝলমল করছে।

ছবিতে ঝলমলে মক্কা নগরের বুকে একটি উজ্জ্বল সাদা রঙের আলোর গোলক দেখা যাচ্ছে, যা তিনি পবিত্র কাবা শরিফ বলেই উল্লেখ করেছেন।

বুধবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ডন পেটিট ছবিটি শেয়ার করেন।

তিনি লিখেন, মহাকাশের কক্ষপথ থেকে তোলা ছবিতে সৌদি আরবের মক্কা। মাঝখানের উজ্জ্বল ছোট্ট এলাকাটি কাবা শরিফ, ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান, যা মহাকাশ থেকেও দৃশ্যমান।’

ছবিতে মক্কা নগরের বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে, যার পাহাড়ি উপত্যকায় অবস্থিত কেন্দ্রে রয়েছে গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম)। লাখ লাখ এলইডি ও সোডিয়াম লাইটের কারণে রাতের বেলা মহাকাশ থেকে মক্কা নগর ঝলমলে দেখায়। ইন্টারনেট ব্যবহারকারীরা পবিত্র শহর মক্কায় এই দিব্য আলোর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছেন।

একজন লিখেছেন, ‘মহাকাশ থেকে দেখা কাবার আলো একেবারেই আলাদা, যেন রাতের বেলা পৃথিবীর নিজস্ব চিরন্তন আলোয় তার আত্মা জ্বলজ্বল করছে। দিব্য জ্যোতি।’

অনেক ব্যবহারকারী এই ছবি তোলা ও সবাইকে তা দেখার সুযোগ করে দেওয়ার জন্য নভোচারী ডন পেটিটকে নানা ভাষায় ধন্যবাদ দিয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ