spot_img
spot_img

বাবার সাক্ষাতে পাকিস্তান যেতে চান ইমরান খানের ছেলেরা, ভিসা দিচ্ছে না সরকার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিলে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের ছেলেরা বাবার সঙ্গে সাক্ষাতের জন্য পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। তবে তাদের অভিযোগ, সরকার ইচ্ছা করেই ভিসা ইস্যু করছে না এবং ভিসা প্রক্রিয়ায় কোনো অগ্রগতি করছে না।

ব্রিটেনে বসবাসরত ইমরান খানের ছেলে কাসিম খান তার এক্স অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে বলেন, “আমরা বাবার সঙ্গে দেখা করতে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সরকার ইচ্ছা করেই আমাদের ভিসা ইস্যু করছে না।”

কাসিম খানের দাবি, তার বাবা ইমরান খানকে ৯১৪ দিন ধরে একাকী কারাবাসে রাখা হয়েছে। তিনি বলেন, ইমরান খানের স্বাস্থ্য খারাপ হচ্ছে এবং তাকে চিকিৎসা সেবার স্বাধীন সুবিধায় পৌঁছানোর সুযোগও দেওয়া হচ্ছে না। কাসিম খান আরও বলেন, কোনো বন্দিকে চিকিৎসা সুবিধা দিতে অস্বীকার করা জুলুম, আর বন্দিকে নিজের সন্তানদের সঙ্গে দেখা করতে না দেওয়া সমষ্টিগত শাস্তির আওতায় পড়ে।

কাসিম খান জানান, “আমি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং সরকারগুলোর কাছে দাবি করছি, তারা যেন আওয়াজ তোলে এবং চেষ্টা করে, এর আগে যেন অপূরণীয় ক্ষতি হয়ে না যায়।”

এর আগে ব্রিটেনে বসবাসরত ইমরান খানের ছেলেরা জেলে বাবার অবস্থার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। গত বছর স্কাই নিউজের ইলদা হাকিমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুলায়মান এবং কাসিম তাদের বাবার বিষয়ে বিস্তারিত কথা বলেন। ওই সাক্ষাৎকারে কাসিম দাবি করেন, ইমরান খানকে পান করার জন্য নোংরা পানি দেওয়া হয় এবং খাবারের মান অত্যন্ত খারাপ। তাদের দাবি ছিল, ইমরান খান তার ব্যক্তিগত চিকিৎসকের কাছেও যেতে পারছেন না।

এদিকে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গত মাসে তেহরিক ই ইনসাফ এক বিবৃতিতে “বিশ্বস্ত সাংবাদিক সূত্র” উল্লেখ করে দাবি করে, ইমরান খানের ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন রোগ শনাক্ত হয়েছে। পাশাপাশি এমন খবরও ছড়ায় যে চিকিৎসার জন্য তাকে ইসলামাবাদে আনা হয়েছিল। পাকিস্তানের তথ্য মন্ত্রী আটা উল্লাহ তারার এসব তথ্য নিশ্চিত করে বলেন, “চোখের একটি সামান্য সমস্যার জন্য” ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

পরে ৩০ জানুয়ারি ইসলামাবাদের পিআইএমএস হাসপাতাল জানায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে “ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগে” ২৪ ও ২৫ জানুয়ারির মধ্যরাতে একটি অপারেশন থিয়েটারে চিকিৎসা দেওয়া হয়েছে। পিআইএমএস হাসপাতালের নির্বাহী পরিচালক রানা ইমরান সিকান্দরের ভিডিও বিবৃতি ও হাসপাতালের প্রকাশিত প্রেস রিলিজে বলা হয়, ইমরান খান ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ করেছিলেন এবং পরবর্তী সময়ে তার চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন শনাক্ত হয়।

পিআইএমএস প্রশাসনের জানিয়েছে, হাসপাতালের একজন জ্যেষ্ঠ ও প্রশিক্ষিত চক্ষু বিশেষজ্ঞ আদিয়ালা কারাগারে ইমরান খানের চোখের পূর্ণাঙ্গ পরীক্ষা করেন। “এই পরীক্ষার ভিত্তিতে” ডান চোখে রোগ শনাক্ত করে হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসার জন্য “শনিবার ও রোববারের মধ্যরাতে” তাকে পিআইএমএস হাসপাতালে আনা হয় এবং রোগীকে জানানো হয় যে তাকে অ্যান্টি ভিইজিএফ ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন দেওয়া হবে। একই সঙ্গে চিকিৎসার আগে “প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর” তার সম্মতিও নেওয়া হয়েছিল বলে জানায় পিআইএমএস কর্তৃপক্ষ।

সূত্র : বিবিসি উর্দু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ