ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। সংগঠনটির দাবি, শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের ছোড়া রাবার বুলেটে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় রাকসুর জিএস আম্মারসহ অন্তত ১৫ জন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন বলে সংগঠনটি জানিয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় ঘটনা ঘটে।
জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
বিকেল সাড়ে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংগঠনটির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সময় আবারও জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করা হয় বলে সংগঠনটি জানিয়েছে। সংঘর্ষের মধ্যে জাবের রাবার বুলেটে গুলিবিদ্ধ হন এবং রাকসুর জিএস আম্মারসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হন বলে দাবি করা হয়েছে।
আহত বিক্ষোভকারীদের শাহবাগ মোড়ের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) নেওয়ার চেষ্টা করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ বাধা দেয় বলে সংগঠনটি জানিয়েছে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, “জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।”
এদিকে আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে জানানো হয়, “শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন।” শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে আরও বলা হয়, “আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।”











