ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। ওসমান হাদির বিচারের দাবিতে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর হামলা ন্যক্কারজনক। এ হামলার পেছনে কারা দায়ী এবং পুলিশকে কারা ইন্ধন দিয়েছে, তা খতিয়ে দেখা উচিত।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় নির্বাচনী প্রচার ও গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না। একটি বিশেষ দলের প্রার্থী ফ্যামিলি কার্ডের নামে ইতোমধ্যে ভোটারদের মধ্যে অর্থ ও সামগ্রী বিতরণ করছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি।











