শুক্রবার | ৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

হিন্দুরা গর্ব করে বলেন, চরমোনাই ইউনিয়নে তারা মায়ের কোলের মতো নিরাপদ: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করিম সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মের মানুষের উদ্দেশে বলেছেন, আপনারা চরমোনাইয়ের খবর নিয়ে দেখবেন। সেখানকার হিন্দুরা মিডিয়ার সামনে বুক ফুলিয়ে গর্ব করে বলেন, চরমোনাই ইউনিয়নে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, আমরাও তেমনি নিরাপদ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আমতলী উপজেলার পৌরসভা মাঠে বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাহমুদুল হোসাইন ওলি উল্লাহর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, সন্ত্রাসী কোনো পথ আপনারা চিন্তা করবেন না। ভোটকেন্দ্র দখলের চিন্তাও করবেন না। আপনারা চরমোনাইয়ের ইসলামী দলের নেতাকর্মীদের নাম শুনেছেন; কিন্তু ভালো করে জেনে রাখুন, আমরা সভ্য মানুষের মতোই সভ্য। তবে আমাদের যদি উসকানো হয়, তাহলে এমনভাবে গর্জন শুরু হবে যে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। আপনাদের খোঁজতালাশ করেও পাওয়া যাবে না, ইনশাআল্লাহ। আমাদের বিরক্ত করবেন না। আমাদের ভালো থাকতে দিন, আপনারাও ভালো থাকবেন।

তিনি আরও বলেন, আপনারা জানেন, চব্বিশের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি চাঁদাবাজি, টেন্ডারবাজি ও স্টেশন দখলে নেমেছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ নেমেছিল সংখ্যালঘুদের জানমাল, ইজ্জত এবং তাদের উপাসনালয় হেফাজতের জন্য। এখন রুটিন পরিবর্তন করতে হবে। দিন-রাত নেই, আমরা মা, ভাই ও বোনদের কাছে যাব এবং দাওয়াত পৌঁছে দেব। প্রয়োজনে পা ধরে হলেও সমাজের পরিবর্তন, আখেরাত ও দুনিয়ায় শান্তির জন্য হাতপাখা প্রতীককে বিজয়ী করতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ