হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের সহ-সভাপতি মাওলানা হাকীম আজহারুল ইসলাম নোমানী ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর পল্টন জোন।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের সভাপতি মুফতী সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী এই গভীর শোক জানান।
জানা গেছে, এদিনে রাজধানীর মোহাম্মদপুরে বাংলদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নির্বাচনি জনসভায় অংশ নেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শোকবার্তায় বলা হয়, মরহুম মাওলানা নোমানী (রহ.) ছিলেন একজন নিষ্ঠাবান আলেমে দ্বীন, ত্যাগী সংগঠক ও আদর্শিক নেতৃত্বের প্রতীক। দ্বীনি খেদমত, সাংগঠনিক কার্যক্রম এবং ইসলামি আন্দোলনের প্রতিটি পর্যায়ে তাঁর অবদান ছিল অত্যন্ত প্রশংসনীয় ও স্মরণীয়। আমরা মহান আল্লাহ তা’আলার দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।











