ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, টানা দ্বিতীয়বারের মতো সরকারি ব্যয়ে কাউকে হজ্বে পাঠানো হচ্ছে না। পাশাপাশি, চলতি বছর হজ্বযাত্রীরা ৩ কোটিরও বেশি টাকা ফেরত পাবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে হজ্ব ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে। গত দুই বছরে বিমানভাড়া ধাপে ধাপে ৪০ হাজার টাকা কমানো হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ২০২৬ সালের হজ্বে বিমানভাড়া কমে দাঁড়িয়েছে এক লাখ ৫৪ হাজার টাকায়।
তিনি বলেন, গেল হজ্বে চালু হয়েছে ‘লাব্বাইক’ অ্যাপ, প্রি-পেইড কার্ড ও মোবাইল রোমিং সুবিধা। এবার তিনটি হজ্ব প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে সাশ্রয়ী প্যাকেজের মূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।
উপদেষ্টা বলেন, এবছরের হজ্ব প্রস্তুতি সন্তোষজনক। হাজিদের ভোগান্তি কমাতে হারাম শরীফের কাছাকাছি আবাসনের ব্যবস্থা করা হয়েছে।











