রাজধানীর বিভিন্ন সড়ক থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টাঙানো সব ধরনের বিলবোর্ড ও ব্যানার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এই নির্দেশনা প্রদান করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, মঙ্গলবার সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার পথে হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত একটি ব্যানার দেখে প্রধানমন্ত্রী সেটি তৎক্ষণাৎ সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং তা তাৎক্ষণিকভাবে অপসারিত হয়।
এ সময় তিনি রাজধানীর বিভিন্ন স্থানে অভিনন্দন জানিয়ে টাঙানো বিলবোর্ড ও বেসরকারি বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে ব্যবহৃত তার ছবি দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এর আগেও বিজয় সরণি এলাকা দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে অভিনন্দন বার্তা দেখে সেটি নামিয়ে ফেলার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।











