spot_img

সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার মোশাররফ হোসেন (৪০) নামের এক প্রবাসী নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের আল খারিজ শহরের আল- তোয়াইক বলদিয়া কোম্পানির ক্যাম্পে ইরানের মিসাইল হামলায় তিনি নিহত হন।

তার বাড়ি সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তনখোলা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের সৌদিপ্রবাসী ও নিহত মোশাররফের চাচাতো ভাই মো. জাকির হোসেন। তিনি বলেন, সৌদি আরব আল খারিজ শহরের আল-তোয়াইক বলদিয়া কোম্পানিতে পরিছন্নতাকর্মীর কাজ করতেন মোশারফ।

রোববার সবাই যখন ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত, ঠিক তখনই একটি মিসাইল হামলার শিকার হয় তোয়াইক বলদিয়া কোম্পানির ওই ক্যাম্প। আর ঘটনাস্থলেই নিহত হন মোশাররফ।

‎সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মোশারফের বাড়িতে গিয়ে জানা যায়, ওই গ্রামের মো. সূর্যত আলীর একমাত্র ছেলে মোশারফ হোসেন অভাবের সংসারে একটু সচ্ছলতা ফেরাতে আট বছর আগে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন। তার স্ত্রী ও দুটি ছেলেসন্তান রয়েছে। বড় ছেলে মাহিম স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে মিহান প্রথম শ্রেণিতে পড়ে। তিন বছর আগে তিন মাসের জন্য ছুটিতে দেশে এসেছিলেন তিনি।

‎গতকালও পরিবারের সঙ্গে দুর্ঘটনার আগে মুঠোফোনে কথা হয়েছিল পরিবারের সঙ্গে। স্ত্রী কবরী আক্তার জানান, ‘বলেছিলেন ঈদের জন্য টাকা পাঠাবেন, ছেলে দুটির জন্য কিছু কিনতে। কিন্তু কে জানত, সেই কথাই হবে শেষ কথা!’

‎রাত প্রায় ৩টার দিকে খবর আসে, মোশাররফ হোসেন আর নেই। এই সংবাদ শোনার পর থেকেই শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার। মা জহুরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। মোশারফের বড় ছেলে মাহিম বলেন, রাতে বাবার সাথে ফোনে কথা হয়েছে। বাবা জিজ্ঞাসা করলেন ঈদের জন্য কিছু কিনেছি কি-না। তিনি বলেন, আমেরিকা-ইসরাইলের সঙ্গে ইরানের এই যুদ্ধ দ্রুত বন্ধ করা হোক, এভাবে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ