ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোকপ্রস্তাবে জামায়াতে ইসলামীর কয়েকজন প্রয়াত নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ আরও কয়েকজন।
বিরোধী দল শোকপ্রস্তাবে তাদের নাম যুক্ত করার দাবি জানালে তা গ্রহণ করেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধীদলীয় উপনেতা যেসব নাম উল্লেখ করেছেন, সেগুলো শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত বিরতি শেষে রেওয়াজ অনুযায়ী শোকপ্রস্তাব উপস্থাপন করা হয়।
এ সময় জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, শুরা সদস্য মীর কাসেম আলী এবং নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম শোকপ্রস্তাবে যুক্ত করার প্রস্তাব ওঠে।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এসব নাম অন্তর্ভুক্ত করার কথা জানান। পাশাপাশি বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর নামও শোকপ্রস্তাবে যুক্ত করা হয়।
এর আগে শোকপ্রস্তাবের ওপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আলোচনা হয়। পরে শহীদ জুলাইযোদ্ধাদের নিয়েও সংসদে আলোচনা করা হয়।
সবশেষে আলোচনা শেষে স্পিকার শোকপ্রস্তাব গৃহীত হয়েছে বলে ঘোষণা দেন।










