“আমি ইসরাইলকে রক্ষা করতে তাদের সহায়তা করতে চাই” বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আসন্ন নির্বাচনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আরেক মেয়াদে দায়িত্ব পালনের জন্য সরাসরি সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া এক সাক্ষাৎকার বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশ করে টাইম ম্যাগাজিন। এতে ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর আরেক মেয়াদে দায়িত্ব পালন করা উচিত কি না জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, “আমি শুধু এটুকুই বলতে পারি যে আমি এখন আর রাজনীতিতে জড়িত নই। তবে আমরা জনপ্রিয়…”
পরে একই বিষয়ে আবার জানতে চাইলে ট্রাম্প সরাসরি সমর্থন না জানিয়ে বলেন, “না। আমার মূল বিষয় হলো, আমি ইসরাইলকে রক্ষা করতে তাদের সহায়তা করতে চাই।”
তবে ইসরাইলিদের মধ্যে নিজের জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, তার আগের বিভিন্ন নীতির কারণে ইসরাইলিদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে।
আমেরিকা বিরোধী প্রার্থী ও সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকটের সঙ্গে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, তার সম্পর্কে তিনি “খারাপ কিছু শোনেননি”। তবে নেতানিয়াহুকে অবমূল্যায়ন না করার বিষয়ে সতর্ক করেন তিনি।
ট্রাম্প বলেন, “মানুষ বহুবার বিবি (নেতানিয়াহু)কে শেষ হয়ে গেছে বলে ধরে নিয়েছে। আমি বিবিকে খাটো করে দেখব না।”
সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধ এবং লেবানন ও গাজ্জায় দখলদার ইসরাইলি হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে।
৭ অক্টোবরের হামলার আগে নেতানিয়াহুর কাছে আগাম গোয়েন্দা তথ্য ছিল কি না, এমন প্রতিবেদনের বিষয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, “আমি তা মনে করি না। আমি মনে করি… সে যদি বিষয়টি জানত তাহলে সে এ ব্যাপারে কিছু একটা করত।”
সূত্র : আনাদোলু এজেন্সি











