কুমিল্লায় বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে গেটম্যানদের অবহেলা ছিল বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, এ ঘটনায় দুই গেটম্যানের গাফিলতি পাওয়া গেছে। ইতোমধ্যে তাদের বরখাস্ত করা হয়েছে এবং শাস্তির আওতায় আনা হবে। একই সঙ্গে স্টেশন মাস্টারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রোববার দুপুরে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করে রেল প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
রেল প্রতিমন্ত্রী বলেন, কুমিল্লার এ দুর্ঘটনায় দুই গেটম্যানের অবহেলা রয়েছে। এ কারণে তাদের বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া স্টেশন মাস্টারকেও শাস্তির আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, ঘটনা তদন্তে রেলওয়ের পক্ষ থেকে একটি বিভাগীয় এবং একটি জোনাল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।
রেল প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিটি ব্যারিয়ারকে ধীরে ধীরে অটোমেটিক সিস্টেমের আওতায় আনার চেষ্টা চলছে। সেখানে নিরাপত্তাকর্মী থাকবে। ক্রসিংয়ের কাছাকাছি ট্রেন চলে এলে অটোমেটিক গেট বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী এ কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন।
এ সময় তিনি আরও জানান, রেল দুর্ঘটনা কমাতে রেল কর্তৃপক্ষ নানামুখী পদক্ষেপ নিচ্ছে।










