মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, তেলের কোনো সংকট নেই। পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের কোনো সংকট নেই। এখানে অসাধু কিছু ব্যবসায়ী বিভিন্ন সময়ে একটি কৃত্রিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, ইনশাআল্লাহ আমাদের এই সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের আমরা প্রশ্রয় দেব না। এছাড়াও যারা যানবাহন চালাচ্ছেন, তাদের তেল নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
এ সময় উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন, সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, মোশাররফ হোসেনসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা।










