পাকিস্তানি বাহিনী কুনার, পাকতিকা ও খোস্ত প্রদেশে মর্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে টানা হামলা চালিয়ে যাচ্ছে। এসব নির্মম হামলায় এখন পর্যন্ত দুইজন আফগান বেসামরিক নাগরিক শহীদ এবং আরও ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এ তথ্য জানিয়েছেন।
ফিতরাত বলেন, কুনার প্রদেশের সারকানো ও মুনাওয়ারা জেলায় পাকিস্তানি বাহিনী ১৫৫টি মর্টার ও দূরপাল্লার আর্টিলারি শেল নিক্ষেপ করেছে। এতে দুই শিশু আহত হয়েছে এবং একটি যানবাহন ধ্বংস হয়েছে। পৃথক আরেকটি হামলায় সারকানো জেলার নাওয়াপাস এলাকার দোসারা অঞ্চলে ডজনখানেক আর্টিলারি ও মর্টার শেল আঘাত হানে। এতে আট শিশু আহত হয় এবং দুইজন শহীদ হন।
তিনি আরও জানান, আজ বৃহস্পতিবারও হামলা অব্যাহত রয়েছে। শুধু সারকানো জেলাতেই পাকিস্তানি সামরিক শাসন ১৮৫টি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে, এতে আরও ১০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
ফিতরাতের ভাষ্য অনুযায়ী, এই আগ্রাসন এখানেই থেমে থাকেনি। পাকতিকা প্রদেশের শাকিন জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর ড্রোন হামলায় তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। একই সময়ে খোস্ত প্রদেশের জাজাই এলাকার জান্ডো ঘারা অঞ্চলেও পাক বাহিনী একটি ড্রোন হামলা চালানো হয়।
সূত্র: হুরিয়াত রেডিও










