ইরানে হামলায় আমেরিকার এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে দায়িত্বপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট।
বুধবার (২৯ এপ্রিল) প্রথমবারের মতো যুদ্ধের মোট ব্যয়ের সরকারি হিসাবে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, এই ব্যয়ের বড় অংশই অস্ত্র ও গোলাবারুদের পেছনে গেছে। তবে মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটির পুনর্গঠন ও মেরামতের সম্ভাব্য ব্যয় এই হিসাবের মধ্যে আছে কিনা, তা স্পষ্ট করেননি তিনি।
কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ বলেন, ‘আপনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন দেখে ভালো লাগছে। কারণ আমরা অনেক দিন ধরেই এই হিসাব জানতে চাইছিলাম, কিন্তু কেউ তা জানায়নি।’
২৫ বিলিয়ন ডলারের এই ব্যয় চলতি বছরের জন্য আমেরিকার মহাকাশ সংস্থা নাসার মোট বাজেটের সমান। তবে এই অঙ্ক কীভাবে নির্ধারণ করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।











