ইরানের ছোট নৌযান লক্ষ্য করে আমেরিকার গুলি চালানো কোনোভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ছিল সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। ইরানের ছোট নৌযান থেকে কিছু হামলার চেষ্টা হয়েছিল, আমাদের বাহিনী তা প্রতিহত করেছে। এটি যুদ্ধবিরতির লঙ্ঘন নয়।
মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
যুদ্ধবিরতি ঠিক কী করলে লঙ্ঘিত হবে এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি ব্যাখ্যা না দিয়ে রহস্যময়ভাবে বলেন, আপনারা যথাসময়েই জানতে পারবেন। ইরানিরা জানে। তারা জানে কি করা যাবে না। তারা আমাদের সম্মান করে (বা ভয় পায়)।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘প্রজেক্ট ফ্রিডম’ উদ্যোগকে বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি এটিকে ‘বিশ্বের জন্য একটি উপহার’ বলেও অভিহিত করেন।
মার্কিন প্রশাসনের মতে, এই উদ্যোগের আওতায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে স্থল ও আকাশপথে নজরদারি জোরদার করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা











