চলমান যুদ্ধ শেষ করতে ১৪ দফা সমঝোতা স্মারক নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে। এতে আমেরিকার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাশাপাশি কয়েকজন ইরানি কর্মকর্তা সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্ত আছেন। ইরানে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে আমেরিকা। একই সঙ্গে তেহরান বলেছে, তারা নিজেদের জাতীয় স্বার্থ মাথায় রেখেই সমঝোতা করবে।
বুধবার (৬ মে) দুই মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবহিত আরও দুই ব্যক্তির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আমেরিকার গণমাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদনে বলা হয়, খুব শিগগিরই সমঝোতা স্বাক্ষর সম্পন্ন হতে পারে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান ন্যায্য ও সমন্বিত একটি চুক্তি প্রত্যাশা করছে।
অ্যাক্সিওসের তথ্যমতে, এই স্মারকের মাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হবে এবং বিস্তারিত চুক্তির জন্য ৩০ দিনের আলোচনা শুরু হবে। ওই চুক্তির লক্ষ্য হবে হরমুজ প্রণালি খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল করা।
খসড়া অনুযায়ী, ৩০ দিনের মধ্যে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে আরোপিত বিধিনিষেধ তুলে নেবে। একই সঙ্গে আমেরিকার নৌ অবরোধও ধীরে ধীরে প্রত্যাহার করা হবে।
ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং আটকে রাখা সম্পদ ছেড়ে দেবে।











