হরমুজ প্রণালিতে পরিকল্পিত মার্কিন নৌ-অবরোধ সাময়িকভাবে স্থগিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৭ মে) আমেরিকার সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে দাবি করা হয়, সৌদি আরব আমেরিকাকে জানিয়ে দেয় যে, হামলায় অংশ নেওয়া আমেরিকান বিমানগুলো সৌদি আকাশসীমা ব্যবহার করতে পারবে না। একই সঙ্গে সৌদি ভূখণ্ড থেকেও এসব বিমান উড্ডয়ন করতে দেওয়া হবে না। এরপরই সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেন ট্রাম্প।
প্রতিবেদনে বলা হয়, রোববার ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ কর্মসূচি নিয়ে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ বিস্মিত হয়েছিল। পরে এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেন ট্রাম্প। তবে আলোচনায় কোনো সমাধানে পৌঁছানো যায়নি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছিল। তাই বিষয়টি নিয়ে আগাম প্রস্তুতির সুযোগ সীমিত ছিল। সৌদি আরব একই সঙ্গে আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকেও সমর্থন করছে।
হোয়াইট হাউসের এক মুখপাত্র এনবিসিকে জানান, আঞ্চলিক মিত্রদের বিষয়টি আগেই জানানো হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক এনবিসিকে জানান, ট্রাম্প ঘোষণা দেওয়ার আগে আমেরিকা ওমানের সঙ্গে ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে সমন্বয় করেনি।
সূত্র: এনবিসি নিউজ











