তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীন নয়।
শনিবার (১৬ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়। এর কয়েক ঘণ্টা আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণতান্ত্রিক দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার বিষয়ে সতর্ক করেন।
ট্রাম্প বিষয়টি নিয়ে নতুন করে ভাবছেন বলে ইঙ্গিত দেওয়ার পর মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, মার্কিন অস্ত্র বিক্রি তাইওয়ানের প্রতি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতিরই একটি অংশ।
বিবৃতিতে আরও বলা হয়, তাইওয়ান ও আমেরিকার মধ্যে অস্ত্র বিক্রয় শুধু ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতির অংশ নয়, বরং এটি আঞ্চলিক হুমকির বিরুদ্ধে যৌথ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেও কাজ করে।
এমন সময় তাইওয়ানের পক্ষ থেকে এই বক্তব্য এলো, যখন ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিং সফর শেষে দেশে ফিরেছেন। ওই সফরে শি জিনপিং ট্রাম্পকে অনুরোধ করেন, যেন তিনি স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে সমর্থন না দেন।
উল্লেখ্য, তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে চীন।
সূত্র: বাসস











