ইরান ও পাকিস্তানের অর্থনৈতিক সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। দুই দেশের ট্রানজিট ও সীমান্ত বাণিজ্য আরো জোরদার করতে বড় ধরনের প্রস্তুতি চলছে।
কোনো পূর্বঘোষণা ছাড়া পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আকস্মিকভাবে তেহরান সফরে যান। এ সফরের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো পাকিস্তানের নতুন ট্রানজিট পলিসি। চলতি মাসেই ইসলামাবাদ ট্রানজিট গুডস থ্রু পাকিস্তান ২০২৬ নামে একটি নতুন নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় ইরানের জন্য ছয়টি বিশেষ বাণিজ্য করিডোর চালু করা হয়েছে।
শনিবার (১৬ মে) তাসনিম নিউজ এজেন্সি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির তেহরান সফর ও ইরানি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের তথ্য প্রকাশ করেছে।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আমলাতান্ত্রিক জটিলতা দূর করে বাণিজ্য গতিশীল করতে দুই দেশই এখন একমত হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে ইরানের পণ্য পাকিস্তানের করাচি ও গোয়াদার বন্দর ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারবে।
আমেরিকা ও আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞার কারণে সমুদ্র বাণিজ্যে ইরান দীর্ঘদিন ধরে বড় ধরনের চাপের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই পদক্ষেপ তেহরানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে।
নতুন সীমান্ত পারাপার কেন্দ্র খোলার বিষয়েও দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।
শুধু বাণিজ্য নয়, কূটনৈতিক অঙ্গনেও পাকিস্তানের ভূমিকা এখন নজর কাড়ছে। বিশেষ করে ইরান ও আমেরিকার মধ্যকার দীর্ঘদিনের যুদ্ধ কমাতে ইসলামাবাদ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।











