ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে চালু থাকা সরকারি সহায়তামূলক প্রকল্প ধাপে ধাপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের ঘোষিত ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী আগামী মাস থেকে বন্ধ হয়ে যাবে।
সোমবার (১৮ মে) মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, চলতি মাস পর্যন্ত সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সুবিধা পাওয়া যাবে। তবে আগামী মাস থেকে এসব প্রকল্প আর কার্যকর থাকবে না।
অগ্নিমিত্রা পালের বক্তব্য অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে যেসব অনুদান বা সহায়তা দেওয়া হতো, সেগুলোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
এ বিষয়ে পরে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে পূর্ববর্তী সময়ে চালু থাকা ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতাসহ বিভিন্ন ধর্মভিত্তিক অনুদান প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
আগে এসব সুবিধার আওতায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসে ১ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হতো। পরে তা বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়। তবে নতুন সিদ্ধান্তের কারণে এ ধরনের কাঠামোগত সহায়তা ব্যবস্থাই বন্ধ হওয়ার পথে রয়েছে।
সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই এমন সিদ্ধান্ত সামনে আসায় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের আগে কর্মসংস্থান ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই প্রেক্ষাপটে সরকার গঠনের মাত্র কয়েক দিনের মধ্যেই বড় এ ঘোষণা দিল শুভেন্দু সরকার।











