রাশিয়ার জাতীয় নিরাপত্তার ভিত্তিপ্রস্তর হলো পারমাণবিক অস্ত্র বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তিনি বলেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার দেশটিকে তার অস্তিত্বের বিরুদ্ধে আসা হুমকি থেকে সুরক্ষা দেয়।
রোববার (১৭ মে) রুশ সংবাদমাধ্যম ভেস্তির সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
পেসকভ বলেন, বলেন, “কোনো পারমাণবিক শক্তিধর দেশকে হুমকি দেওয়া যায় না। তার অস্তিত্বকেও হুমকির মুখে ফেলা যায় না। এটিই আমাদের এ বিষয়ে আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ দেয় এবং এটিই পারমাণবিক প্রতিরোধের ভিত্তি।”
এর আগে চলতি সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, মস্কো যখন তার পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে আধুনিকায়ন করে যাচ্ছে, তখন রাশিয়া এমন পারমাণবিক সক্ষমতা তৈরি করেছে, যার বিশ্বে কোনো সমতুল্য নেই।
পুতিন বলেন, ২০০২ সালে আমেরিকা অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে সরে যাওয়ার পর রাশিয়া উন্নত অস্ত্রব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত করে।
সারমাত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উপলক্ষে স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সেসের কমান্ডার সের্গেই কারাকায়েভের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, “এ কারণেই রাশিয়া এমন উন্নত ব্যবস্থা তৈরি শুরু করে, যার বিশ্বে কোনো সমতুল্য নেই এবং যা বিদ্যমান ও ভবিষ্যৎ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতভাবে ভেদ করতে সক্ষম।”
সূত্র: আনাদোলু এজেন্সি











