হরমুজ প্রণালিতে আমেরিকার একটি তেল ট্যাংকার লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা। এ ঘটনার পর ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস এলাকায় পাল্টা হামলা চালিয়েছে আমেরিকার বাহিনী।
বৃহস্পতিবার (২৮ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, আমেরিকার তেল ট্যাংকারটি রাডার সিস্টেম ও যোগাযোগব্যবস্থা বন্ধ রেখে হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় ট্যাংকারটি লক্ষ্য করে গুলি চালায় ইরানি বাহিনী।
ইরানের এ পদক্ষেপের জবাবে আমেরিকার সেনারাও পাল্টা গুলি চালায়। তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, আমেরিকার বাহিনী বন্দর আব্বাসের একটি পরিত্যক্ত এলাকা লক্ষ্য করে হামলা চালায়।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বার্তায় তাসনিম আরও জানায়, বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা এই গোলাগুলির ঘটনার সঙ্গেই সম্পর্কিত।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র : আল জাজিরা, তাসনিম নিউজ, রয়টার্স











