ইরানের ওপর আরোপিত আমেরিকার নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালি উভয় দিক থেকে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার কথাও বলেছেন তিনি।
শুক্রবার (২৯ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে কয়েকটি শর্ত তুলে ধরেন ট্রাম্প। তবে ইরানের পক্ষ থেকে এখনো চুক্তি চূড়ান্ত হওয়ার কোনো ঘোষণা আসেনি।
ট্রাম্প বলেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত আমেরিকার নৌ অবরোধ তুলে নেওয়া হবে। বর্তমানে আটকে থাকা জাহাজগুলো নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারবে বলেও দাবি করেন তিনি।
সম্ভাব্য চুক্তির শর্ত হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল ছাড়া উভয় দিক থেকে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে।
হরমুজ প্রণালিতে মাইন থাকার অভিযোগ তুলে ট্রাম্প বলেন, সেখানে কোনো মাইন থাকলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। আমেরিকার বাহিনী ইতোমধ্যে অনেক মাইন বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি।
পরমাণু ইস্যুতে ট্রাম্প আরও দাবি করেন, গত ফেব্রুয়ারিতে আমেরিকা-ইসরাইল জোটের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ভূগর্ভস্থ স্থাপনায় থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় উদ্ধার করে ধ্বংস করবে আমেরিকা।
তবে ইরান ট্রাম্পের শর্ত মেনে নেওয়ার কোনো ঘোষণা দেয়নি। ইরানি পক্ষ জানিয়েছে, আলোচনা চলমান থাকলেও চুক্তির খসড়া এখনো চূড়ান্ত হয়নি। তেহরান আমেরিকার নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, অঞ্চল থেকে আমেরিকান সেনা প্রত্যাহার এবং লেবাননে ইসরাইলি হামলা বন্ধের দাবিও সামনে রেখেছে।
ইরানি সূত্রগুলো ট্রাম্পের বক্তব্যকে একতরফা দাবি হিসেবে দেখছে। তাদের মতে, চূড়ান্ত সমঝোতার আগেই ট্রাম্প বিষয়টিকে নিজের বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।
সূত্র : রয়টার্স, দ্য গার্ডিয়ান











