spot_img
spot_img

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা জিয়ারত ও মোনাজাতে অংশ নেন।

জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলা, মহানগর ও অধীনস্থ সব ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের কর্মসূচি পালন করছে বিএনপি। পাশাপাশি নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মধ্যে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচিও পালন করা হচ্ছে।

আগামীকাল রোববার (৩১ মে) বেলা ২টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ