spot_img
spot_img

জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্র হতো : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অসময়ে ঘাতকরা হত্যা না করলে বাংলাদেশ আজ অত্যন্ত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো।

শনিবার (৩০ মে) চার দিনের ভোলা সফরের শেষ দিন সকালে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার হাফিজ বলেন, দেশবাসীর যেসব সমস্যা রয়েছে, সেসব সমস্যার অনেকটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমাধান করতে সক্ষম হতেন।

তিনি বলেন, আজকের এই দিনে বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। শহীদ জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ অনুসরণ করে বিএনপি ও অন্যান্য সমমনা রাজনৈতিক দল বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, আশা করি বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। আমরা সবাই জিয়ার আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।

তিনি আরও বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে আমাদের নেতা তারেক রহমানও অনুপ্রাণিত হয়েছেন। পিতা-মাতার আদর্শ অনুসরণ করে তিনি বাংলাদেশকে উন্নতির পথে পরিচালিত করতে সক্ষম হবেন বলে আমরা দৃঢ়ভাবে আশা করি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক যোগাযোগের কথা তুলে ধরে স্পিকার বলেন, আজ তিনি নেই, কিন্তু তার জাতীয়তাবাদী আদর্শ বাংলাদেশকে পরিচালনা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারবার জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছে।

তিনি বলেন, বিগত ১৬ বছর বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। অনেক দুঃসময় অতিক্রম করে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের বাইরেও তার রাষ্ট্রনায়কোচিত দক্ষতার পরিচিতি ছড়িয়ে পড়েছিল।

স্পিকার হাফিজ বলেন, মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়করা ঐক্যবদ্ধভাবে তাকে আল-কুদস কমিটির সদস্য নির্বাচিত করেন। মুসলিম বিশ্বের বিরোধ মীমাংসার জন্য রাষ্ট্রনায়করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বেছে নিয়েছিলেন। এটি বাংলাদেশের জন্য এক বিরাট গৌরবের বিষয়।

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের অর্জন নিয়েও স্মৃতিচারণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ