spot_img
spot_img

ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি আমেরিকার : ট্রাম্প

ইরাক যুদ্ধকে বড় ভুল আখ্যা দিয়ে ইরান প্রসঙ্গেও আমেরিকার অবস্থান নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরাকে আমেরিকার যাওয়া উচিত হয়নি। একই সঙ্গে ইরান প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকার ইরানে থাকা উচিত হয়নি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান বিষয়ে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার সময় ট্রাম্প এসব কথা বলেন।

ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “ইরাকে যা ঘটেছে, তা আপনারা দেখেছেন। সেখানে আমরা খুব খারাপ করেছি। আমরা যা করেছি, তা ছিল অত্যন্ত বোকামি। প্রথমত, আমাদের সেখানে যাওয়াই উচিত হয়নি।”

এরপর ইরানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আমাদের ইরানে থাকা উচিত হয়নি। তবে ইরানের সেই সক্ষমতা রয়েছে। আমরা যদি ৯ মাস আগে বি-টু বোমারু বিমান দিয়ে তাদের ওপর হামলা না করতাম, তাহলে এই মুহূর্তে তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকত।”

ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে পরিস্থিতি ভিন্ন হতো বলেও দাবি করেন ট্রাম্প। তার ভাষায়, “তেমনটি হলে সম্ভবত আপনারা ইসরাইলকে পেতেন না, এমনকি মধ্যপ্রাচ্যকেও পেতেন না। এরপর তারা সেখান থেকে কোথায় যেত?”

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, আমেরিকা ইচ্ছা করেই ইরানের সামরিক বাহিনীকে বড় ধরনের আঘাত করেনি। তিনি বলেন, “তাদের সামরিক বাহিনীকে আমরা এক প্রকার স্পর্শ করিনি। কারণ আমরা মনে করি, তাদের সামরিক বাহিনী কিছুটা নরমপন্থি। তাদের অন্য লোকজন রয়েছে, যারা নরমপন্থি নয়। আমরা তাদের লক্ষ্যবস্তু করেছি এবং নেতৃত্বের বিভিন্ন স্তর সরিয়ে দিয়েছি। তবে তাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে আমরা আসলে তেমন কিছু করিনি।”

ট্রাম্প বলেন, “মানুষ হয়তো এই কথা শুনে অবাক হবে। কারণ যুদ্ধে এমন কিছু ভুল হয়ে থাকে, যেখানে আপনি সবাইকে নিশ্চিহ্ন করে দেন। এর ফলে এমন একটি দেশ তৈরি হয়, যা হয়তো পরবর্তী ৪০ বছরেও আর পুনর্গঠিত হতে পারে না।”

সূত্র : আল জাজিরা, ফক্স নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ