মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৩১ মে) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি, সরকারের লক্ষ্য, সামাজিক মূল্যবোধ এবং দলীয় নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন।
দেশে ফেরার পর সামাজিক ও পারিবারিক শিক্ষার ক্ষেত্রে তৈরি হওয়া ঘাটতির বিষয়টি নিজের চোখে দেখেছেন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে ফেরার পর মনে হয়েছে, পারিবারিক শিক্ষায় কিছুটা অভাব তৈরি হয়েছে। এই বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত।
সামাজিক ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।











