শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
সোমবার (১ জুন) সকালে পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নানা শারীরিক জটিলতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব পালনে তার অসুবিধা হচ্ছিল।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন তিনি।
প্রথমবার সংসদ সদস্য হয়েই পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হন দীপেন দেওয়ান। একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
দীপেন দেওয়ান সরকারি চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে যোগ দেন। ২০১০ সালে তিনি রাঙামাটি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। পরে ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। তিনি রাঙামাটি জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন কমিটির সাধারণ সম্পাদক ও পরে জেলা সভাপতির দায়িত্বও পালন করেন।











