লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হলে মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান বা আমেরিকার সঙ্গে কোনো চুক্তি সম্ভব নয় বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে যেকোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হিজবুল্লাহকে সমর্থন দিয়ে যাবে তেহরান।
সোমবার (১ জুন) নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা বলেন।
তিনি বলেন, জায়নবাদী আগ্রাসন বন্ধ করতে হিজবুল্লাহর প্রতিরোধকে পূর্ণ সমর্থন দিয়ে ইরান সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
বাঘাই উল্লেখ করেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে যেকোনো চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য শর্ত হিসেবে দেখছে তেহরান।
এদিকে একই দিনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের বৈরুত শহরতলীতে নতুন করে বিমান হামলার নির্দেশ দিয়েছেন। এর আগে ইসরাইলি বাহিনী ঐতিহাসিক বোফোর্ট দুর্গের নিয়ন্ত্রণ নেয়।
নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে দখলদারিত্ব আরও বাড়ানো এবং সম্প্রসারণ করাই এখন তাদের মূল লক্ষ্য।
ইরান হিজবুল্লাহকে তার অন্যতম প্রধান আঞ্চলিক মিত্র হিসেবে বিবেচনা করে।
ইসমাইল বাঘাই আরও বলেন, লেবাননের স্বাধীনতা ও প্রতিরোধ আন্দোলনকে সহায়তা করতে ইরান সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
বর্তমানে ইরান ও আমেরিকার মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে কূটনৈতিক আলোচনা চলছে। ঠিক এমন সময় ইসরাইল লেবাননে তার আগ্রাসন বাড়িয়ে দিয়েছে।
এ পরিস্থিতিতে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, হিজবুল্লাহ ও লেবাননকে সমর্থন দেওয়া তারা কোনোভাবেই বন্ধ করবে না।
সূত্র: রয়টার্স।











