লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে আরও নিখুঁত ও সুনির্দিষ্ট লক্ষ্যভেদী হামলা চালানোর চালাতে বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কিছু দিন আগে লেবানন ও ইসরাইলের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিলেও, তার সাম্প্রতিক এই বক্তব্য কার্যত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ইসরাইলি যুদ্ধ ও সহিংসতাকে নতুন করে তীব্র করার উসকানি হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার (৬ জুন) আমেরিকান সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এবং রোববার (৭ জুন) সম্প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নিজের এই অবস্থান তুলে ধরেন।
সাক্ষাৎকারে তিনি লেবাননের সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, আমি লেবাননকে একটি সুন্দর ও উন্নত জীবন উপভোগ করতে দেখতে চাই। তবে একই সঙ্গে আমি হিজবুল্লাহর বিরুদ্ধে আরও নিখুঁত ও সুনির্দিষ্ট হামলা দেখতে চাই। আমি মনে করি, এই হামলাগুলো আরও বেশি লক্ষ্যভেদী হওয়া উচিত।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প লেবাননের জনগণের প্রতি উদ্বেগ ও সহানুভূতির কথা বললেও, তার এই বক্তব্য মূলত দেশটিতে নতুন করে সহিংসতা ও সামরিক হামলাকে বৈধতা দেওয়ার শামিল। শান্তি প্রতিষ্ঠার বদলে এ ধরনের সুনির্দিষ্ট হামলার পরামর্শ যুদ্ধ পরিস্থিতিকে আরও দীর্ঘায়িত ও জটিল করে তুলতে পারে।
চলতি বছরের ২ মার্চ থেকে লেবাননের ওপর ইসরাইলের নির্বিচার ও বিধ্বংসী হামলায় ইতোমধ্যে অন্তত ৩ হাজার ৬১৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের একটি বড় অংশই সাধারণ নাগরিক।
এমন এক মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে ট্রাম্পের এই যুদ্ধংদেহী মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে।
সূত্র: আল জাজিরা











