spot_img
spot_img

আমেরিকা প্রতি রাতে ইরান থেকে লাখ লাখ ব্যারেল তেল বের করে নিয়ে আসছে, দাবি ট্রাম্পের

আমেরিকায় ক্রমাগত বাড়তে থাকা জ্বালানি তেলের দাম নিয়ে তীব্র রাজনৈতিক চাপের মুখে বিস্ফোরক দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, আমেরিকা প্রতি রাতে ইরান থেকে লাখ লাখ ব্যারেল তেল বের করে নিয়ে আসছে। তার দাবি, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এটি বড় ভূমিকা রাখছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমরা ইরান থেকে লাখ লাখ ব্যারেল তেল বের করে নিয়ে আসছি, সত্যিই লাখ লাখ ব্যারেল। প্রতি রাতে আমরা এই তেল সরিয়েছি।”

তার এই পদক্ষেপের কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বর্তমানে নাগালের মধ্যে রয়েছে দাবি করে তিনি বলেন, লাখ লাখ ব্যারেল তেল বের করে আনা হয়েছে বলেই আজ প্রতি ব্যারেল তেলের দাম ২৫০ ডলারে না ঠেকে ৮৫ থেকে ৯০ ডলারের মধ্যে রয়েছে।

ট্রাম্পের এই মন্তব্য থেকে স্পষ্ট, তিনি বিশ্ববাজারে তেলের মূল্যস্ফীতি ঠেকানোর কৃতিত্ব নিজের প্রশাসনের কথিত বিশেষ অভিযানের ওপর দিতে চাইছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আমেরিকায় জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। এর ফলে তীব্র রাজনৈতিক চাপের মুখে রয়েছে ট্রাম্প প্রশাসন।

বিরোধীদের লাগাতার সমালোচনা এবং অভ্যন্তরীণ চাপের মুখে নিজের অবস্থানের পক্ষে যুক্তি দিতে গিয়েই ট্রাম্প তেলের বাজার নিয়ে এই মন্তব্য করেন।

একই সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে আমেরিকার প্রেসিডেন্ট আশ্বাস দেন, যুদ্ধ পরিস্থিতির অবসান হওয়া মাত্রই জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমে আসবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।

তবে ইরান থেকে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় এই তেল সরানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ