spot_img
spot_img

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করেছেন ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির চূড়ান্ত বিষয়গুলো অনুমোদন পাওয়ায় তিনি বৃহস্পতিবার রাতে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা দেশটির সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে অনুমোদিত হয়েছে। এ কারণে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আজ সন্ধ্যায় ইরানের বিরুদ্ধে নির্ধারিত হামলা বাতিল করেছেন।

তিনি বলেন, আলোচনা এবং চূড়ান্ত বিষয়গুলো উভয় পর্যায়েই সংশ্লিষ্ট সব পক্ষের অনুমোদন পেয়েছে।

ট্রাম্প জানান, অনুমোদন দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে আমেরিকা, ইসরাইল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান ও মিসর।

তিনি আরও বলেন, চুক্তিটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে।

এ ছাড়া চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানান ট্রাম্প।

তবে ইরানের সঙ্গে চুক্তি খুব কাছাকাছি বলে ট্রাম্প এই প্রথম দাবি করছেন না। এর আগেও তিনি এমন ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

এদিকে বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান আমেরিকার কাছে প্রস্তাবিত চুক্তির সর্বশেষ খসড়া পাঠিয়েছে।

এ সপ্তাহে আমেরিকা ও ইরান পরপর কয়েকদিন পাল্টাপাল্টি হামলা চালালেও আমেরিকান কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ