ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে সামরিক বাহিনীতে যোগদানে অনিচ্ছুক ব্যক্তিদের গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক ও রেলপথ আবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলাকালে দুজন আহত হয়েছেন।
মধ্য ইসরাইলে এই বিক্ষোভের ডাক দেয় জেরুজালেম ফ্যাকশন নামে একটি সংগঠন। এর আগে বুধবার সামরিক বাহিনীতে যোগদানে অনিচ্ছুক ১৯ জনকে আইডিএফের হেফাজতে হস্তান্তর করে পুলিশ। তাদেরকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার রাতে জেরুজালেম এবং তেল আবিবের আটক কেন্দ্রগুলোর বাইরেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবারের বিক্ষোভের অনেক অংশগ্রহণকারীকে জেরুজালেম, বেইত শেমেশ এবং অন্যান্য হারেদি অধ্যুষিত এলাকা থেকে নিয়ে আসা হয়েছিল।
পরিস্থিতি আরও খারাপ হবে আশঙ্কা করে পুলিশ আগেই সাধারণ মানুষকে কেন্দ্রীয় অঞ্চলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার পরামর্শ দেয়।
তবে সন্ধ্যার পর বিক্ষোভকারীরা রেললাইনে নেমে পড়লে তেলআবিবে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। জেরুজালেম থেকে তেল আবিবগামী একটি ট্রেনের শত শত যাত্রীকে নামিয়ে দেয়া হয় বেন গুরিয়ন বিমানবন্দরে। পরে পুলিশ জানায়, মহাসড়কগুলো পুনরায় খুলে দেয়া হয়েছে এবং জেরুজালেম ফ্যাকশনের নেতারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরাইল











