ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিস ও আমেরিকার নিউইয়র্কে পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা গাজ্জায় ইসরাইলি হামলা বন্ধ এবং ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, প্যারিসে ফিলিস্তিনপন্থী সংগঠন ইউরোপ্যালেস্টাইনের উদ্যোগে আয়োজিত সমাবেশে শত শত মানুষ অংশ নেন। তারা ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে গাজ্জায় চলমান মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।
বিক্ষোভকারীরা ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি তোলেন।
অন্যদিকে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে জড়ো হন মরক্কোর ফুটবল সমর্থকেরা। তারা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে গাজ্জার জনগণের প্রতি সমর্থন জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, খেলাধুলায় ভিন্ন পরিচয় থাকলেও মানবিক প্রশ্নে তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে চান।
বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি গাজ্জায় বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা এবং মানবিক সহায়তা প্রবেশের পথ উন্মুক্ত করার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্বনেতাদের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
সূত্র: আনাদোলু











