spot_img
spot_img

ইরানের সঙ্গে আলোচনা জটিল হলেও চুক্তি করতে এখনো আশাবাদী ট্রাম্প

জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চূড়ান্ত করার প্রচেষ্টা এখনো অব্যাহত রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা কঠিন হলেও আজই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

রোববার এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, ইরানের সঙ্গে আলোচনা জটিল হলেও ট্রাম্প প্রশাসন এখনো একটি চুক্তি সম্পন্ন করার বিষয়ে আত্মবিশ্বাসী।

তিনি দাবি করেন, ইরানি আলোচকেরা অনেক সময় দেশটির সর্বোচ্চ নেতার কাছ থেকে স্পষ্ট নির্দেশনা পেতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। ইরানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও সব পক্ষ একই অবস্থানে নেই বলে মন্তব্য করেন ওয়াল্টজ। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

ওয়াল্টজের ভাষ্য অনুযায়ী, আলোচনায় বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প ও আমেরিকার আলোচক দল বিশ্বাস করে, সমঝোতার পথ এখনো খোলা রয়েছে এবং একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।

উল্লেখ্য, গত বছরের মে মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইক ওয়াল্টজকে অপসারণ করা হয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্পের অগোচরে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গোপনে সমন্বয় করেছিলেন তিনি।

ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ওভাল অফিসে অনুষ্ঠিত একটি বৈঠকের আগেই তাদের মধ্যে এ ধরনের যোগাযোগের অভিযোগ উঠেছিল।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ