২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি (জেসিপিওএ) ঘিরে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি অভিযোগ করেন, ওই চুক্তির অংশ হিসেবে ওবামা প্রশাসন ইরানকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে কার্যত ‘ঘুষ’ দেওয়ার চেষ্টা করেছিল।
সোমবার (১৫ জুন) থেকে বুধবার (১৭ জুন) ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ওবামার করা জেসিপিও এ চুক্তিতে ইরানকে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার নগদ অর্থ দেওয়া হয়েছিল। ব্যাংক থেকে আনা এই অর্থ একটি বোয়িং ৭৫৭ উড়োজাহাজে করে ইরানে পাঠানো হয়।
ট্রাম্প দাবি করেন, অর্থবাহী বিমানটি তেহরানে পৌঁছানোর পর ইরানিরা সেটিকে স্বাগত জানায় এবং ওই অর্থ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তার ভাষায়, ওবামা এভাবে অর্থ দিয়ে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। আমি সে পথ অনুসরণ করিনি।
ইরানের প্রতিক্রিয়া প্রসঙ্গে ট্রাম্প কটাক্ষ করে বলেন, ইরানিরা ওবামাকে নিয়ে হাসাহাসি করেছিল এবং তাকে দুর্বল মনে করেছিল।
উল্লেখ্য, ২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) বা পরমাণু চুক্তির মাধ্যমে তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর বিভিন্ন সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। চুক্তিটি নিয়ে শুরু থেকেই সমালোচনামুখর ছিলেন ট্রাম্প এবং ক্ষমতায় এসে ২০১৮ সালে আমেরিকাকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন।
সূত্র: আল জাজিরা











