আমেরিকার বর্তমান পরিস্থিতি ইরান যুদ্ধের শুরুর আগের চেয়েও শোচনীয় বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
শুক্রবার (১৯ জুন) শিকাগোতে ওবামা প্রেসিডেনসিয়াল সেন্টার উদ্বোধনের প্রাক্কালে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
ওবামা বলেন, যুদ্ধের পেছনে শত শত কোটি ডলার ব্যয় করা হয়েছে, সামরিক বাহিনীর ওপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছে। অথচ এর বিনিময়ে প্রাপ্তি শূন্য।
তিনি বলেন, আমরা যুদ্ধ শুরুর আগের অবস্থানেই ফিরে এসেছি, বরং বলা যায় অবস্থা এখন আরও খারাপ।
ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের স্বাক্ষরিত নতুন সমঝোতা স্মারক নিয়ে মন্তব্য করতে গিয়ে ওবামা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) বাতিলের সমালোচনা করেন।
তিনি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে চুক্তিবদ্ধ ছিল, কিন্তু ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে আসায় ইরান উল্টো আরো বেশি পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ পেয়েছে।
সাক্ষাৎকারের শেষভাগে আমেরিকার বর্তমান অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন ও অস্থিরতা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে ওবামা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী রাখতে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনার দায়িত্ব নাগরিকদেরই নিতে হবে এবং অস্থির এই সময় পার করতে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা জরুরি।
সূত্র: এনবিসি নিউজ











