আমেরিকার সঙ্গে অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় থাকা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবি জানাতে সুইজারল্যান্ডে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে ইরান।
শনিবার (২০ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিনিধি দলটি কিছুক্ষণের মধ্যেই সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দেবে।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রতিনিধি দলের এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুইজারল্যান্ডে আলোচনার টেবিলে আমেরিকার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ওপর জোর দেবে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন তাদের অঙ্গীকারগুলো কীভাবে বাস্তবায়ন করতে চায়, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে।
ইরানি মুখপাত্র আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকা পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানালে ইরান বসে থাকবে না।
সে ক্ষেত্রে নিজেদের স্বার্থ রক্ষায় তেহরান প্রয়োজনীয় ও উপযুক্ত পাল্টা ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
সূত্র: আল জাজিরা











