spot_img
spot_img

হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এসেছে। দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা উইল ক্যাথকার্ট পদত্যাগ করছেন।

তার স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় ফিনটেক স্টার্টআপ ক্রেডের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত উদ্যোক্তা কুনাল শাহ।

সোমবার (২২ জুন) মেটা ও ক্রেডের পক্ষ থেকে যৌথভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী প্রধান উইল ক্যাথকার্ট হোয়াটসঅ্যাপ ছেড়ে মেটার অন্য একটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদে স্থানান্তরিত হচ্ছেন।

এক ফেসবুক পোস্টে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ লিখেছেন, মেটার নতুন একটি বিভাগে ‘একদম শুরু থেকে নতুন বৈপ্লবিক পণ্য তৈরির কাজ করবেন’ ক্যাথকার্ট।

জাকারবার্গ আরও বলেন, ‘উইলের সঙ্গে আমাদের এই নিবিড়ভাবে একসঙ্গে কাজ করার ধারা অব্যাহত রাখার বিষয়ে আমি বেশ উচ্ছ্বসিত।’

তবে ক্যাথকার্টের নতুন পদের সুনির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে মেটার কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উইল ক্যাথকার্ট লিখেছেন, হোয়াটসঅ্যাপ ‘এখন পর্যন্ত তার সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে, আর এটাই আমার সরে দাঁড়ানোর এবং নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়ার সঠিক মুহূর্ত বলে মনে হয়েছে।’

২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করেছিল মেটা, তখন প্রতিষ্ঠানটির নাম ছিল ফেসবুক। বর্তমানে বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটির বেশি।

গত মাসে মেটা তাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেবার জন্যও সাবস্ক্রিপশন মডেল পরীক্ষা করছে।

এই পদক্ষেপ মেটাকে শুধু বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল না থেকে রাজস্ব ব্যবসাকে বহুমুখী করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় অঙ্কের বিনিয়োগের খরচ তুলে আনতে সহায়তা করবে।

ক্যাথকার্টের স্থলাভিষিক্ত হওয়া ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ ২০১৮ সালে ক্রেড প্রতিষ্ঠা করেন। ক্রেডিট কার্ডের বিল পরিশোধের এই প্রিমিয়াম প্ল্যাটফর্মটি সময়মতো বিল দেওয়ার জন্য গ্রাহকদের বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দিয়ে থাকে।

মার্ক জাকারবার্গ কুনাল শাহের প্রশংসা করে বলেন, ‘শাহের নতুন কিছু তৈরির মানসিকতা, ফিনটেক অভিজ্ঞতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তাকে হোয়াটসঅ্যাপের পরবর্তী অধ্যায়ের নেতৃত্ব দেওয়ার জন্য একদম যোগ্য করে তুলেছে।’

কুনাল শাহের এই নিয়োগের অংশ হিসেবে মেটা ক্রেড স্টার্টআপটিতে এককালীন ৯০ কোটি ডলার, প্রায় ১০ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করছে বলে ক্রেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্টার্টআপটির দেওয়া তথ্য অনুসারে, মেটার এই বড় অঙ্কের বিনিয়োগের পর বর্তমানে ক্রেডের বাজারমূল্য বা ভ্যালুয়েশন দাঁড়িয়েছে ৪৫০ কোটি ডলারে।

সিলিকন ভ্যালির কোনো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কোনো ভারতীয় ফিনটেক উদ্যোক্তার সরাসরি যোগ দেওয়ার ঘটনাকে বিশ্বপ্রযুক্তি বাজারের একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

সূত্র: সিএনবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ