সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে বুর্কিনা ফাসো।
শুক্রবার (২৬ জুন) জাতীয় টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ‘বুর্কিনা ফাসো সরকার ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’
২০২২ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানের পর থেকে ক্ষমতায় আছেন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওর। তার নেতৃত্বাধীন সামরিক সরকার পশ্চিমা দেশ, বিশেষ করে ফ্রান্সের বিরুদ্ধে কঠোর নীতি অনুসরণ করছে।
বিবৃতিতে ফ্রান্সের বিরুদ্ধে বুর্কিনা ফাসোর স্বার্থের বিরুদ্ধে ক্রমাগত কাজ করার অভিযোগ করা হয়।
দেশটির যোগাযোগমন্ত্রী গিলবার্ট ওয়েদ্রাওগো বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য যে পরিবেশ প্রয়োজন, তা এখন অনুপস্থিত।’
তিনি জানান, প্যারিসের সঙ্গে সম্পর্ক গভীরভাবে পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্রান্সের বিরুদ্ধে ‘নব্য-ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষার’ অভিযোগ এনে গিলবার্ট ওয়েদ্রাওগো বলেন, ‘যারা আমাদের দেশ ও পুরো সাহেল অঞ্চলকে শোকের সাগরে ভাসাচ্ছে, সেসব সন্ত্রাসীদের সক্রিয়ভাবে সমর্থন দিচ্ছে ফ্রান্স।’
সূত্র: আল জাজিরা











