spot_img
spot_img

আমেরিকার তরুণ রিপাবলিকানদের মধ্যে বাড়ছে ইসরাইলবিরোধী মনোভাব

আমেরিকার তরুণ রিপাবলিকানদের মধ্যে ইসরাইলবিরোধী মনোভাব বাড়ছে। এতে দেশটির রিপাবলিকান পার্টির দীর্ঘদিনের ইসরাইল-সমর্থন নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।

রোববার (২৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।

ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের ক্রিটিক্যাল ইস্যুজ পোলের পরিচালক শিবলি তেলহামি বলেন, ‘তরুণ রিপাবলিকানদের মধ্যে স্পষ্টভাবেই কিছু একটা দানা বাঁধছে।’

প্রতিবেদনে বলা হয়, গাজ্জায় ইসরাইলের সামরিক হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং ইরান যুদ্ধের অবসান নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতবিরোধ রিপাবলিকানদের একাংশের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে।

এপ্রিল মাসে পিউ রিসার্চ সেন্টারের জরিপে দেখা যায়, ৪০ শতাংশ রিপাবলিকান ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন।

১৮ থেকে ৪৯ বছর বয়সী রিপাবলিকানদের মধ্যে এ হার ৫৭ শতাংশ। অন্যদিকে ৫০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে তা ২৫ শতাংশ।

চলতি মাসে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে প্রতি পাঁচজন রিপাবলিকানের একজন মনে করেন, আমেরিকা ইসরাইলকে প্রয়োজনের তুলনায় বেশি সমর্থন দিচ্ছে।

অন্যদিকে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের এক জরিপে দেখা গেছে, মাত্র ৪৬ শতাংশ রিপাবলিকান গাজ্জায় ইসরাইলের সামরিক হামলাকে আত্মরক্ষামূলক বলে মনে করেন।

১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে এ সমর্থন নেমে এসেছে মাত্র ২২ শতাংশে।

প্রতিবেদনে বলা হয়, টাকার কার্লসন, মেগিন কেলি ও সাবেক কংগ্রেস সদস্য মার্জোরি টেইলর গ্রিনের মতো ‘আমেরিকা ফার্স্ট’ ধারার প্রভাবশালী রক্ষণশীল নেতাদের সমালোচনাও এ মনোভাবকে উসকে দিয়েছে।

তবে ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশনের প্রতিষ্ঠাতা রালফ রিড বলেন, রিপাবলিকান ও ইভানজেলিক্যাল নেতৃত্ব এখনো দৃঢ়ভাবে ইসরাইলের পক্ষে রয়েছে।

তবে রিপাবলিকানদের মধ্যেও ইসরাইলের প্রতি সমর্থনের হার ‘উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে’ বলে সতর্ক করেন তিনি।

সূত্র: অ্যাক্সিওস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ