spot_img
spot_img

তুরস্ক সফরে গেলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারি সফরে ইস্তাম্বুলে পৌঁছেছেন। এই সফরের মূল উদ্দেশ্য পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করা।

শুক্রবার (৩ জুলাই) পাক প্রধানমন্ত্রী ইস্তাম্বুলে পৌঁছান।

ইস্তাম্বুল বিমানবন্দরে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় তুরস্কে পাকিস্তানের রাষ্ট্রদূত ড. ইউসুফ জুনাইদ এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শাহবাজ শরিফের সফরে তার সঙ্গে রয়েছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট এরদোয়ান পাকিস্তান-তুরস্ক সম্পর্কের সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

আলোচনায় বিশেষভাবে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায়, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা, এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

ইস্তাম্বুলে অবস্থানকালে শাহবাজ শরিফ একটি ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য দেবেন। সেখানে পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, জ্বালানি, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং বেসরকারিকরণ খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে।

এই সম্মেলনে তুরস্কের শীর্ষ ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সরকারি কর্মকর্তারা অংশ নেবেন। এর লক্ষ্য হলো দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো বাড়ানো।

পাকিস্তান ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশই দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করে থাকে।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ