ছাত্রশিবিরের বিরুদ্ধে বট বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
তিনি বলেন, ছাত্রশিবিরের জনশক্তি আত্মগঠন ও সৃজনশীল কাজে সময় ব্যয় করে। বট আইডির মাধ্যমে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা বা গালিগালাজের রাজনীতি ছাত্রশিবির সমর্থন করে না।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, আওয়ামী লীগ ও তাদের মিত্ররা দীর্ঘ সময় ধরে বিলিয়ন ডলার ব্যয় করে একটি বড় বট ফোর্স তৈরি করেছিল। সেই বট ফোর্সই ছাত্রশিবিরের নামে ভুয়া আইডি খুলে কুরুচিপূর্ণ প্রচার চালিয়েছে এবং পরে তার দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর চেষ্টা করেছে।
তিনি বলেন, বর্তমানে অন্য কিছু বড় রাজনৈতিক দলও পরিকল্পিতভাবে হাজার হাজার বট আইডি তৈরি করছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় ছাত্রদল নেতাদের বট আইডি খোলার নির্দেশ দেওয়ার প্রমাণ প্রকাশ হয়েছে।
ছাত্রশিবির সভাপতি আরও বলেন, নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এসব আইডি ব্যবহার করে প্রতিপক্ষের বিরুদ্ধে অনলাইনে প্রচার চালানো হচ্ছে এবং গুজব ছড়িয়ে মাঠ গরম করার চেষ্টা করা হচ্ছে।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রশিবিরের নিজস্ব একটি অনলাইন নীতিমালা রয়েছে, যা প্রতিটি কর্মীকে মেনে চলতে হয়। কেউ নীতিমালার বাইরে গিয়ে অনলাইনে গালিগালাজ বা অভদ্র আচরণ করলে সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। সাইবার স্পেসে মার্জিত ও যুক্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই ছাত্রশিবির কাজ করে বলেও জানান তিনি।










